গতকাল ২১ অক্টোবর দুপুরের পর অনেকেই ফেসবুকে স্ট্যাটাস আপডেট, মন্তব্য করা, পোস্টে লাইক দেওয়ার মতো নানা কাজে বিপত্তির মুখে পড়েছিলেন। এতে সারা বিশ্বের ১২০ কোটি ফেসবুক ব্যবহারকারী এ সমস্যায় পড়েছিলেন।
প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, বড় রকমের বাগ বা সফটওয়্যার ত্রুটির কারণে ফেসবুকের এ সমস্যা হয়েছিল। ফেসবুক কর্তৃপক্ষের পক্ষ থেকে অবশ্য এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
বিশ্বের বিভিন্ন দেশের ফেসবুক ব্যবহারকারীদের কাছে ২১ অক্টোবর বেলা একটার পর থেকেই ফেসবুক কার্যত অচল হয়ে পড়েছিল। এ সময় ফেসবুকে লগইন করা এবং ফেসবুক পেজে যাওয়া সম্ভব হলেও ফেসবুকে যেকোনো আপডেটের ক্ষেত্রেই সমস্যার মুখে পড়েছিলেন ব্যবহারকারীরা।
ডেস্কটপ ছাড়াও ফেসবুকের মোবাইল সংস্করণের ক্ষেত্রেও এ সমস্যা দেখা দিয়েছিল। এ সময় ফেসবুকে আপডেট, মন্তব্য লেখা বা লাইক দিতে গেলে ‘এরর’ মেসেজ এসেছিল। এ সময় ‘লাইকলি সার্ভিস ডিসট্রাপশন’ নামের একটি সমস্যার কথা ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছিল।
ফেসবুকের সমস্যার কথা জানাতে অনেক ফেসবুক ব্যবহারকারী টুইটারকে বেছে নিয়েছিলেন। ফেসবুকের এই সমস্যা টুইটারে অসংখ্য টুইটের মাধ্যমে তুলে ধরেছেন ফেসবুক ব্যবহারকারীরা।
অবশ্য টেলিগ্রাফ অনলাইন এক খবরে জানিয়েছে, সাময়িক এ সমস্যা দ্রুত ঠিক করে ফেলার কথা জানিয়ে ব্যবহারকারীদের কাছে ক্ষমা চেয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুক কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগের নেটওয়ার্কে বাগ সারাতে কাজ করছে। এখন ফেসবুকে আপডেট করা যাচ্ছে।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন