চ্যানেল আইতে ঈদুল আজহায় প্রচারিতব্য রহস্য রোমাঞ্চ ধারাবাহিক নাটক ‘ছোটকাকু’তে দেখা যাবে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সর্বজনশ্রদ্ধেয় অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে। ‘ছোট কাকু’ সিরিজের দ্বিতীয় গল্প ‘রাজশাহীর রসগোল্লা’র একটি দৃশ্যে দেখা যাবে তিনি তাঁর স্বভাবসুলভ ভঙ্গিতে শিশু-কিশোরদের বই পড়ায় উদ্বুদ্ধ করছেন।
এই প্রথম কোনো টেলিভিশন নাটকে আবদুল্লাহ আবু সায়ীদ এভাবে এলেন। ‘ছোটকাকু’ সিরিজে তাঁকে এমন ভূমিকায় পেয়ে খুশি নির্মাতা আফজাল হোসেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তাঁর মতো গুণী ব্যক্তিত্বকে আমরা পেলাম। আমি মনে করি, এটি টেলিভিশন নাটকের একটি ইতিবাচক দিক।’
উল্লেখ্য, ফরিদুর রেজা সাগরের জনপ্রিয় কিশোর উপন্যাস ‘ছোটকাকু’ অবলম্বনে ধারাবাহিক নাটক নির্মাণ করছেন অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন। এরই মধ্যে ‘কক্সবাজারে কাকাতুয়া’ শিরোনামে প্রথম গল্পের নাটক গেল ঈদুল ফিতরে চ্যানেল আইতে প্রচারের পর জনপ্রিয়তা পেয়েছে।
‘রাজশাহীর রসগোল্লা’ পরিচালনার পাশাপাশি এতে ছোটকাকু চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন। ধারাবাহিকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অর্ষা, সীমান্ত প্রমুখ। রাজশাহীর বিভিন্ন জায়গায় এর শুটিং হয়েছে। ঈদের আগের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত সন্ধ্যা ৬.১০ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে ‘রাজশাহীর রসগোল্লা’।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন