Economics

হরতালের দ্বিতীয় দিনেও চাঙা শেয়ারবাজার

share market
১৮-দলীয় জোটের ডাকা হরতালের দ্বিতীয় দিন আজ সোমবারও চাঙা ভাব লক্ষ করা গেছে দেশের শেয়ারবাজারে। গতকাল রোববারের ধারাবাহিকতায় আজও দুই স্টক এক্সচেঞ্জে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেছে। একই সঙ্গে লেনদেনও বেড়েছে দুই বাজারে।

বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, হরতালের মধ্যে বিনিয়োগকারীদের অংশগ্রহণ কম থাকলেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারে সক্রিয় ছিলেন। এর ফলে বাজারে ইতিবাচক প্রবণতা দেখা যায়। তাছাড়া আজ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাতের অধিকাংশ কোম্পানির কোম্পানির দাম বেড়েছে, যা সূচক বাড়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে কাজ করছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।


এ দিকে হরতাল চললেও দুই স্টক এক্সচেঞ্জে নির্ধারিত সময়ে অর্থাত্ সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়। হরতালের কারণে ব্রোকারেজ হাউসগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি তুলনামূলক কমছিল। তবে অনেকে ফোন করে খোঁজখবর নেন এবং লেনদেন সারেন বলে একাধিক হাউস সূত্রে জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, আজ ডিএসইর ডিএসইএক্স সূচক ৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৯৫১ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। একপর্যায়ে সূচক ১০৩ পয়েন্ট বেড়ে যায়। সূচকের ঊর্ধ্বমুখী এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।

ডিএসইতে আজ ২৮৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩২টিরই দাম বেড়েছে, কমেছে ১৩২টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

আজ এই স্টক এক্সচেঞ্জে ৩৬৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১১৮ কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ২৫০ কোটি টাকা লেনদেন হয়েছিল।

ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেনে চাঙা ভাব লক্ষ করা গেছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্য সূচক ১২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ২৪৩ পয়েন্টে।

সিএসইতে আজ ২১৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাত বদল হয়েছে। এর মধ্যে ৯৭টির দাম বেড়েছে, কমেছে ৯৬টির আর অপরিবর্তিত রয়েছে ২২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

সিএসইতে আজ ৪১ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৮ কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ২৩ কোটি টাকা লেনদেন হয়।

এ দিকে ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল এনভয় টেক্সটাইল। আজ এই প্রতিষ্ঠানের ৩২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া জেনারেশন নেক্সট ফ্যাশন, ইউসিবিএল, আরগন ডেনিমস, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, এনবিএল, অ্যাকটিভ ফাইন, আরএন স্পিনিং, বেক্সিমকো ও আইএফআইসি ব্যাংক প্রভৃতি।

 

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 

Copyright @ 2013 Daily News Update.