প্রযুক্তিপণ্য হিসেবে স্মার্ট গ্লাস বাজারে আনতে গুগলের পথ অনুসরণ করছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। এবারে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট স্মার্ট গ্লাস বা প্রযুক্তি চশমা তৈরি করছে। ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ট্যাবলেট, স্মার্টফোনের পাশাপাশি এখন স্মার্ট গ্লাস নামের বিশেষ ধরনের প্রযুক্তি চশমার প্রটোটাইপ পরীক্ষা করে দেখছে মাইক্রোসফট। এশিয়ার বেশ কয়েকটি হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে স্মার্ট গ্লাসের ক্যামেরা ও অন্যান্য যন্ত্রাংশ সরবরাহের জন্য আলোচনাও করছেন মাইক্রোসফটের কর্মকর্তারা। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পেটেন্ট আদালতে স্মার্ট গ্লাসের পেটেন্ট নিবন্ধনের জন্য আবেদনও করেছে প্রতিষ্ঠানটি।
মাইক্রোসফট জানিয়েছে, স্মার্ট গ্লাস ব্যবহারকারী তাঁর চশমার কাচে প্রয়োজনীয় তথ্য দেখতে পারবেন। ২০১৪ সাল নাগাদ এ চশমা বাজারে আসতে পারে।
মাইক্রোসফট ছাড়াও স্মার্ট গ্লাস তৈরিতে কাজ করছে স্যামসাং ও অ্যাপল। সম্প্রতি স্মার্টগ্লাস তৈরির জন্য পেটেন্টের আবেদন করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। স্যামসাংয়ের স্মার্টগ্লাসে থাকবে স্বচ্ছ লেন্স ও স্মার্টফোনের সঙ্গে সিনক্রোনাইজ করার নানা প্রযুক্তি। এতে বিশেষ ধরনের হেডফোন সংযুক্ত থাকবে, যাতে সহজে স্মার্টফোনের মতো কল আদান-প্রদান করা যাবে। এ চশমার লেন্সে বিভিন্ন তথ্য জানার ও নোটিফিকেশন পাওয়ার সুবিধাও থাকবে। তবে স্মার্টগ্লাসে কোন ধরনের অ্যাপ্লিকেশন চালানো যাবে, সে বিষয়ে কোনো তথ্য এখনো জানায়নি স্যামসাং।
স্যামসাংয়ের পাশাপাশি পরিধেয় প্রযুক্তিপণ্য তৈরিতে অ্যাপলের আগ্রহ রয়েছে বলে অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে।
এদিকে বাজার বিশ্লেষকেরা বলছেন, ২০১৪ সাল হতে যাচ্ছে পরিধেয় প্রযুক্তিপণ্যের। এ সময় স্মার্ট ওয়াচ, ব্যান্ড, স্মার্ট গ্লাসের মতো নানা পরিধেয় প্রযুক্তিপণ্য বাজারে দেখা যাবে।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন