মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৩

বুকের দুধ পান করালে উপহার পাবেন মায়েরা!!

mother
নবজাতককে বুকের দুধ খাওয়ানোর বিনিময়ে সংশ্লিষ্ট মায়েদের সর্বোচ্চ ২০০ পাউন্ড করে পণ্য ক্রয়ের আগাম রসিদ দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের চেইন স্টোর পাউন্ডল্যান্ড। তবে সমালোচকেরা এই পদক্ষেপকে এক ধরনের ঘুষ বলে অভিহিত করেছেন।
ডেইলি মেইলে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, প্রাথমিকভাবে যুক্তরাজ্যের দক্ষিণ ইয়র্কশায়ার ও ডারবিশায়ারে আজ মঙ্গলবার থেকে এই প্রকল্প চালু হওয়ার কথা। প্রকল্পের আওতায় ১৩০ জন নারীকে এই পুরস্কার দেওয়া হবে। প্রকল্পটি পরে জাতীয় পর্যায়ে সম্প্রসারিত করা হবে।

প্রশ্নের মুখে মন্ত্রিসভা!!

meeting
সাংবিধানিক দিক থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিসভার অস্তিত্ব আজ থেকে বড় প্রশ্নের মুখে পড়ল। কারণ, সংবিধান অনুযায়ী কোনো মন্ত্রী পদত্যাগ করামাত্রই তা কার্যকর হওয়ার কথা। এটা গ্রহণ করা বা নাকচ করার কোনো সুযোগ সংবিধানে রাখা হয়নি।
মন্ত্রিসভার সদস্যরা গতকাল সোমবার একযোগে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাঁরা বলেছেন, সর্বদলীয় সরকার গঠনের পথ সুগম করতে তাঁরা এ পদক্ষেপ নিয়েছেন। প্রধানমন্ত্রী পদত্যাগপত্র গ্রহণ করে রাষ্ট্রপতির কাছে না পাঠানো পর্যন্ত তাঁরা দাপ্তরিক ও নির্বাহী দায়িত্ব পালন করে যাবেন।

আলাদা লিঙ্গের স্বীকৃতি পাচ্ছেন হিজড়ারা!!

hijra
দেশের হিজড়া জনগোষ্ঠীকে এখন আর নারী বা পুরুষ হিসেবে পরিচয় দিতে হবে না। তাঁরা নিজেদের ‘হিজড়া’ হিসেবেই পরিচয় দেবেন।
গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভায় নারী-পুরুষের পাশাপাশি হিজড়াদের আলাদা লিঙ্গ বা ‘তৃতীয় লিঙ্গ’ হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্ক ও হিজড়াদের নিয়ে কর্মরত সংগঠন সম্পর্কের নয়া সেতুর প্রেসিডেন্ট জয়া শিকদার বলেন, ‘রাষ্ট্রের কাছ থেকে এ ধরনের স্বীকৃতি পাওয়া অনেক বড় ব্যাপার। এখন সামাজিক আন্দোলনের মাধ্যমে পরিবার ও সমাজের কাছ থেকে আমাদের স্বীকৃতি আদায় করতে হবে। আমাদের সম্পর্কে সমাজের নেতিবাচক মনোভাব পাল্টাতে হবে।’

শাহজালালে ৩৭ কেজি সোনা আটক!!

gold
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ থেকে ৩৭ কেজি সোনার বার আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার ভোর পৌনে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
শুল্ক কর্তৃপক্ষ জানিয়েছে, আটক হওয়া এই সোনার দাম প্রায় ১৫ কোটি টাকা।
ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার মাধব বিকাশ দেব রায় প্রথম আলো ডটকমকে জানান, গোপন সংবাদ পেয়ে আজ ভোরে দোহা থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজে তল্লাশি চালানো হয়।

সোমবার, ১১ নভেম্বর, ২০১৩

ক্ষতিসাধন ছাড়াই পৃথিবীতে পড়েছে কৃত্রিম উপগ্রহটি

space
ইউরোপিয়ান স্পেস এজেন্সির (ইএসএ) দ্য গ্র্যাভিটি ফিল্ড অ্যান্ড স্টেডি-স্টেপ ওশান সারকুলেশন এক্সপ্লোরার (জিওসিই) নামের কৃত্রিম উপগ্রহটি মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর এর অধিকাংশই পুড়ে নিঃশেষ হয়ে গেছে। গবেষকেরা প্রাথমিকভাবে ধারণা করছেন, কৃত্রিম উপগ্রহটির কিছু ধ্বংসাবশেষ পূর্ব এশিয়া থেকে শুরু করে পশ্চিম প্রশান্ত মহাসাগর ও অ্যান্টার্কটিকার কোনো অঞ্চলে পড়তে পারে। গবেষকেরা এ উপগ্রহটির ধ্বংসাবশেষ সর্বশেষ দেখতে পান অ্যান্টার্কটিকার ওপরে রোববার গ্রিনিচ মান সময় ২২টা ৪২ মিনিটে। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

ইন্টারনেট নিরাপত্তা বিষয়ে একাট্টা গুগল-মাইক্রোসফট-ফেসবুক

site security
একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও নিরাপদ ইন্টারনেট গড়ে তোলার লক্ষে  একাট্টা হয়েছে প্রযুক্তি-বিশ্বের বড় তিন প্রতিষ্ঠান মাইক্রোসফট, গুগল ও ফেসবুক। নৈতিক হ্যাকারদের জন্য ওয়েব বাগ বা ইন্টারনেটের বিভিন্ন নিরাপত্তা ত্রুটি খুঁজে দেওয়ার জন্য একটি কর্মসূচীও চালু করেছে তারা।
‘হ্যাকারওয়ান’ নামের এ কর্মসূচির অধীনে হ্যাকারদের নিরাপত্তা ত্রুটি বের করতে হবে। সাফল্যের ভিত্তিতে হ্যাকাররা সর্বনিম্ন ৩০০ মার্কিন ডলার থেকে পাঁচ হাজার মার্কিন ডলার পর্যন্ত পুরস্কার পাবেন। তবে, আবিষ্কার অতি-গুরুত্বপূর্ণ হলে পুরস্কারের আর্থিক মূল্য আরও বাড়তে পারে।
বিবিসি অনলাইনের এক খবরে বলা হয়েছে, বিশ্বের বড় বড় তিনটি প্রতিষ্ঠানের মধ্যে নানা বিষয়ে ভিন্নমত থাকলেও নিরাপদ ইন্টারনেট ব্যবস্থা তৈরিতে একমত হতে পেরেছে তারা। এ সুযোগ সবার জন্যই উন্মুক্ত। তবে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক নিষেধাজ্ঞার কারণে কিউবা, ইরান, উত্তর কোরিয়া এবং সিরিয়া বাদে কর্মসূচিতে অন্যান্য দেশের নাগরিক, এমনকি শিশুরাও অংশ নিতে পারবে। কোনো শিশু নিরাপত্তা ত্রুটি খুঁজে পেলে তাকে অভিভাবকের মাধ্যমে পুরস্কারের অর্থ সংগ্রহ করতে হবে।
নিরাপত্তা ত্রুটির গুরুত্ব বিবেচনার জন্য থাকবে গুগল কর্মীদের বিশেষ প্যানেল। তাঁরা সিদ্ধান্ত নেবেন কোন ত্রুটির বের করার জন্য কী পরিমাণ অর্থ দেওয়া হবে। আর এ পুরস্কারের অর্থ সরবরাহ করবে মাইক্রোসফট ও ফেসবুক।

পাকিস্তানের বেসরকারি বিদ্যালয়ে মালালার বই নিষিদ্ধ!!

malala
পাকিস্তানে নারীশিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাইয়ের লেখা ‘আমি মালালা’ বইটি দেশটির বেসরকারি বিদ্যালয়গুলোতে নিষিদ্ধ করা হয়েছে। বইটিতে বিতর্কিত অনেক উপাদান আছে—এমন অভিযোগ তুলে অল পাকিস্তান প্রাইভেট স্কুলস ফেডারেশন (এপিপিএসএফ) এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। আজ সোমবার টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, মালালার বইটি কোনো বেসরকারি বিদ্যালয়ের পাঠ্যসূচি বা পাঠাগারে ঠাঁই পাবে না। এর কারণ হিসেবে সংস্থাটি বলছে, বইটিতে মহানবী (সা.)-কে নিয়ে চরম বিতর্কিত বিষয় আছে। বইটি পশ্চিমা শক্তির স্বার্থ রক্ষার জন্য লেখা হয়েছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে এপিপিএসএফের সভাপতি মির্জা কাশিফ আলী বলেন, এ সংস্থাটি দেশটির ছোট-বড় সব বেসরকারি বিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে। মালালা পশ্চিমাদের হাতের পুতুল—এটি সব শিক্ষাবিদই জানেন। মালালার ওপর তালেবানের বর্বর হামলার ঘটনায় বেসরকারি বিদ্যালয়ের সব শিক্ষার্থী ও কর্মী তার প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে। তবে এর মানে এই নয় যে, সে আপত্তিকর কিছু লিখবে আর সেটা পাঠ্যসূচিতে রাখা হবে।
পাকিস্তানে নারীশিক্ষার প্রসারে কাজ করা ১৬ বছর বয়সী মালালার ওপর তালেবানের বর্বর হামলার পর বিশ্বব্যাপী সে আলোচিত ব্যক্তিতে পরিণত হয়।

 

Copyright @ 2013 Daily News Update.