যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর বে এলাকায় ট্রেজার আইল্যান্ডের কাছে বিশালাকার একটি ভাসমান নৌযানে গোপন প্রকল্প নিয়ে কাজ করছে গুগল। এরমধ্যেই এ রহস্যময় নৌযান প্রযুক্তি বিশ্বে কৌতূহল সৃষ্টি করেছে। এ নৌযানে কী হচ্ছে তা নিয়ে কঠোর গোপনীয়তা রক্ষা করছে গুগল। এ রহস্যময় গোপনীয়তা নিয়ে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটগুলো নানা খবরও প্রকাশ করেছে। কোনো খবরে বলা হয়েছে এটি ভাসমান ডাটা সেন্টার, কোনো খবরে বলা হয়েছে গোপন গবেষণাগার। তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রহস্যময় এ নৌযানটিকে শোরুম আর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনস্থল হিসেবে ব্যবহার করা হবে।
এই শোরুমে গুগল গ্লাস, পরিধেয় প্রযুক্তিপণ্যসহ গুগলের অন্যান্য উপকরণ প্রদর্শন করা হবে। নৌযানের ওপর তৈরি কয়েকতলা বিশিষ্ট কাঠামোর সবচেয়ে ওপরের তলায় হবে গুগলের পার্টি সেন্টার। এ প্রকল্পটি সরাসরি গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিনের অধীনে পরিচালিত হচ্ছে। সের্গেই ব্রিন বর্তমানে গুগল গ্লাস প্রকল্প নিয়ে ব্যস্ত রয়েছেন। সানফ্রান্সিসকো ভিত্তিক একটি স্থানীয় টিভি চ্যানেল জানিয়েছে, গুগল তাদের রহস্যময় নৌযানটি বিলাসবহুল পার্টি সেন্টার ও পণ্যের প্রদর্শনস্থল হিসেবে তৈরি করছে। অবশ্য তাদের এ গোপন ও আলোচিত নৌযানের রহস্য এখনো প্রকাশ করেনি গুগল।
এদিকে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেটে প্রকাশিত একটি ব্লগ পোস্টে গুগলের গোপন এ প্রকল্পের বিষয়ে জানানো হয়েছে যে, ২০০৯ সালে ভাসমান একটি ডাটা সেন্টারের পেটেন্ট পেয়েছে গুগল। সানফ্রান্সিসকোর বে এলাকায় বিশালাকার একটি ভাসমান নৌযানটিতে গোপন প্রকল্প নিয়ে ডাটা সেন্টার তৈরির কাজ করছে গুগল। চারতলা উচ্চতা সমান এ কাঠামোর বেশির ভাগ তৈরি হচ্ছে আধুনিক কার্গো কনটেইনার ব্যবহার করে। এ প্রকল্প ঘিরে কড়া নিরাপত্তা-ব্যবস্থাও গড়ে তুলেছে প্রতিষ্ঠানটি। এ নৌযানটির অবস্থান সান ফ্রান্সিসকোর বের অকল্যান্ড ও কৃত্রিম দ্বীপ ট্রেজার আইল্যান্ডের মাঝামাঝি। নৌযানটি ২৫০ ফুট দৈর্ঘ্যের।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন