১০ থেকে ১৫ কোটি বছর আগের প্রাচীন সমুদ্রের পানি খুঁজে পেয়েছেন মার্কিন ভূতাত্ত্বিক গবেষকেরা। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের কাছে চেসাপিক উপসাগর এলাকায় মাটির নিচে ওই জলাধারের অস্তিত্ব পেয়েছেন তাঁরা। একে প্রাচীন সামুদ্রিক পানির সবচেয়ে পুরোনো বড় জলাধার হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) বিভাগের বিজ্ঞানীরা এ গবেষণা চালিয়েছেন। তাঁদের গবেষণার ফল প্রকাশিত হয়েছে বিজ্ঞানবিষয়ক সাময়িকী নেচার-এ ছাপা এক নিবন্ধে।
এই বিজ্ঞানীরা মূলত চেসাপিক উপসাগর এলকায় একটি প্রাচীন গ্রহাণুর পতনে সৃষ্ট বিশাল গর্ত নিয়ে গবেষণা করছিলেন। এ গর্তটি ১৯৯৯ সালে চিহ্নিত করেন ইউএসজিএস ও ভার্জিনিয়ার পরিবেশবিজ্ঞানীরা।
উপসাগরের কাছের একটি এলাকায় খননকাজ চালানোর একপর্যায়ে ভূপৃষ্ঠ থেকে প্রায় আধমাইল নিচের ওই জলাধারের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। সেখানে থাকা পানির বয়স আনুমানিক ১০ থেকে ১৫ কোটি বছর। ইউএসজিএসের বিজ্ঞানী ওয়ার্ড স্যানফোর্ড বলেন, ‘এই পানির লবণাক্ততা আধুনিক সামুদ্রিক পানির দ্বিগুণ।’
গবেষকেরা মনে করছেন, বিশাল একটি গ্রহাণু বা বরফের খণ্ড প্রাচীন মহাসাগরে আছড়ে পড়েছিল। গ্রহাণুর আঘাতজনিত গর্তটি সময়ের পরিক্রমায় ৪০০ থেকে এক হাজার ২০০ ফুট বালু ও কাদার নিচে চাপা পড়ে। এটি এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে আবিষ্কৃত এ ধরনের বৃহত্তম গর্ত। ওয়াশিংটন পোস্ট।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন